Saturday, 19th September 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
মেলায় যাওয়া নিয়ে অভিমান: গৃহবধূর লা* শ উদ্ধার
মেলায় যাওয়া নিয়ে অভিমান: গৃহবধূর লা* শ উদ্ধার

মেলায় যাওয়া নিয়ে অভিমান: গৃহবধূর লা* শ উদ্ধার

আলামিন ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলার ৫নং কয়রা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পল্লীমঙ্গল গ্রামে মেলায় যাওয়াকে কেন্দ্র করে স্বামীর ওপর অভিমান করে ঝর্ণা খাতুন (২৫) নামের এক গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নিজ বাড়িতে ঘটনাটি ঘটে। পরে পুলিশ খবর পেয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

​নিহত ঝর্ণা খাতুন ওই গ্রামের বনজীবী জাহাঙ্গীর সরদারের স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর বেদকাশী ইউনিয়নের ‘বৃক্ষ মেলা’য় যাওয়ার জন্য স্বামী জাহাঙ্গীর সরদারের কাছে আবদার করেছিলেন ঝর্ণা খাতুন। গত বৃহস্পতিবার বৃষ্টির কারণে মেলায় যাওয়া সম্ভব হয়নি। কথা ছিল শুক্রবার জুমার নামাজ শেষে স্ত্রীকে মেলায় নিয়ে যাবেন স্বামী। তবে জুমার নামাজ পড়ে এসে জাহাঙ্গীর সরদার ঘুমিয়ে পড়লে মেলায় যাওয়া বিলম্বিত হয়। এতে চরম ক্ষোভ ও অভিমানে বিকেল ৩টার দিকে পরিবারের অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দেন ঝর্ণা খাতুন। পরে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

​কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরদার লুৎফর রহমান বলেন, “মেলায় যাইতে চাইছিল, এই নিয়ে একটু মান-অভিমান করে গলায় দড়ি দিয়ে মারা গেছে—এমনটাই তাদের ভাষ্য।”

​এদিকে ঘটনার বিষয়ে নিহতের বড় ভাই মিন্টু জানান, তার বোনের কিছু মানসিক সমস্যা ছিল। মাঝে মধ্যেই মানসিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করতেন।

​কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিজ বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হচ্ছে এবং পরবর্তী প্রক্রিয়ায় মর্গে পাঠানো হবে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।