কয়রা (খুলনা) প্রতিনিধি, বিএম আলামিন ইসলাম:
‘জুয়া, মাদক, সন্ত্রাসকে না বলুন, ক্যাম্পাসে ছাত্রদল গড়ে তুলুন’—এ স্লোগানকে সামনে রেখে খুলনা জেলা ছাত্রদলের নির্দেশনায় খুলনার কয়রা উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে জুয়া ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
কয়রা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল কবির পলাশের নেতৃত্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মাঝে হ্যান্ডবিল বিতরণ ও সচেতনতামূলক আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের জুয়া, মাদকাসক্তি ও সন্ত্রাস থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
প্রচারণাকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এ উদ্যোগকে সাধুবাদ জানান। তাঁরা বলেন, শিক্ষার্থীদের মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ। পাশাপাশি এ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তাঁরা ভালো কাজের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সোহেল কবির পলাশ বলেন, তরুণ প্রজন্মকে জুয়া ও মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন বায়জিদ হোসেন লাবিব, আশিকুজ্জামান আশিক, ইকরামুল হোসেন, আরিফ হোসেন, শিহাব হোসেন, সোহেল রানা, আবু রায়হান, তৈবুর হোসেন মুহিন, তুহিন মিলন গাজী, আবুজার হোসেন, সাব্বির রহমানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
