
এস,এম মোস্তাফিজুর রহমান।।
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও নারী অধিকার প্রতিষ্ঠায় কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) লাইট হাউস কনসোর্টিয়ামের পার্টনার সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় জলবায়ু ন্যায্যতা ও নাগরিকতা প্রোগ্রামের আওতায় আয়োজিত এ ডায়ালগে ৩২ জন যুব ও কিশোরী অংশগ্রহণ করেন।
“Organize Community Dialogue (Gender Based Violence)” শীর্ষক আলোচনায় নারীর অধিকার, বাল্যবিবাহের কুফল ও প্রতিরোধ,জেন্ডারভিত্তিক সহিংসতার কারণ,প্রতিকার এবং আত্মরক্ষার বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া নির্যাতনের শিকার নারী ও কিশোরীদের ভয় ও সামাজিক সংকোচ কাটিয়ে পরিবার,বিশ্বস্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
আলোচনায় জরুরি সেবা নম্বর ৯৯৯,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ১০৯ এবং শিশু সহায়তায় ১০৯৮ নম্বর সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও আইনগত সহায়তা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন,জেন্ডারভিত্তিক সহিংসতা ও সামাজিক বৈষম্য দূর করতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং বাল্যবিবাহ প্রতিরোধের মাধ্যমে সহিংসতামুক্ত নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়দল ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী দীপ্তি রানী রায় ও ইউনিয়ন নারী সহায়তা ফোরামের সদস্য পিংকি রায়। কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমন্বয়কারী মোঃ মোস্তফা কামাল।
উন্মুক্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।