Sunday, 15th November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন, সভাপতি মনি ও সম্পাদক মুন্না নির্বাচিত
কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন, সভাপতি মনি ও সম্পাদক মুন্না নির্বাচিত

কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন, সভাপতি মনি ও সম্পাদক মুন্না নির্বাচিত

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীকে মনিরুল ইসলাম মনি (এলএলবি) এবং সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে আমিনুর রহমান (মুন্না) নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯৩৯ জন। তাঁদের মধ্যে ৮৮৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নাজিমগঞ্জ বাজারসহ পুরো কালিগঞ্জ উপজেলায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে উপজেলা মোড় থেকে শুরু করে নাজিমগঞ্জ বাজারের বিভিন্ন এলাকা উৎসবের সাজে সজ্জিত হয়। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করেন। দোকানে দোকানে, ব্যবসায়ীদের বাড়িতে এবং উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সমর্থন আদায়ে চলে গণসংযোগ। বাজারের গণ্ডি পেরিয়ে উপজেলার ১২টি ইউনিয়নেও এ নির্বাচন ছিল আলোচনার অন্যতম বিষয়।

নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে চারজন প্রার্থীর মধ্যে আনারস প্রতীকে মনিরুল ইসলাম মনি (এলএলবি) ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের শেখ নাজমুল ইসলাম বাবু পেয়েছেন ২৮৩ ভোট। এছাড়া তালা-চাবি প্রতীকে রফিকুল ইসলাম ৯৭ ভোট এবং চেয়ার প্রতীকে আব্দুর রহমান ২৭ ভোট পান।

সহসভাপতি পদে দুটি পদের বিপরীতে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে চশমা প্রতীকে শেখ আহাদুজ্জামান ৫৩২ ভোট এবং মাছ প্রতীকে শেখ আবু তাহের ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী হরিণ প্রতীকের শফিকুল ইসলাম টোকন পেয়েছেন ৪২৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে আমিনুর রহমান (মুন্না) ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের রফিকুর জামান রুমি পেয়েছেন ৩৫৬ ভোট।

যুগ্ম সম্পাদক পদে তরবারি প্রতীকে নুরুন্নবী আবু ৩৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চাকা প্রতীকের রবিউল ইসলাম মিন্টু পেয়েছেন ২৭৫ ভোট এবং উড়োজাহাজ প্রতীকের মো. সিদ্দিকুল ইসলাম পেয়েছেন ২০২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে হাতুড়ি প্রতীকে মো. মনিরুজ্জামান খান ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আপেল প্রতীকের মো. শের আলী ৩০২ ভোট এবং টেলিভিশন প্রতীকের শেখ সিরাজুল ইসলাম ১২৯ ভোট পান।

কোষাধ্যক্ষ পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দোয়াত-কলম প্রতীকে মো. রজব আলী ৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের মো. মাহমুদুল্লাহ পেয়েছেন ৪১৪ ভোট। মাত্র এক ভোটের ব্যবধানে এ পদে জয়-পরাজয় নির্ধারিত হয়।

দপ্তর সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে শেখ মনিরুল ইসলাম মিলন ৫১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্যান প্রতীকের মো. ফারুক হোসেন পেয়েছেন ৩১১ ভোট।

প্রচার সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকে শেখ লুৎফর রহমান জুয়েল ৪৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম পেয়েছেন ৩৭৩ ভোট।

নির্বাহী সদস্যের চারটি পদের বিপরীতে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত চারজন হলেন হাঁস প্রতীকে তামজীদ হোসেন মিঠু, দেয়াল ঘড়ি প্রতীকে নুরুজ্জামান খান, আম প্রতীকে মো. আবুল হোসেন এবং মই প্রতীকে মো. ফিরোজ কবির। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করা অপর তিন প্রার্থী হলেন কাঁঠাল প্রতীকে শেখ হাফিজুল ইসলাম ছোট্টু, বল প্রতীকে রাজু হোসেন এবং রজনীগন্ধা প্রতীকে মো. আরাফাত হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় নিযুক্ত প্রিজাইডিং অফিসার ও আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডলের তত্ত্বাবধানে নির্বাচন কমিশনের সদস্যরা ভোট গ্রহণসহ সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।

নির্বাচনের সার্বিক পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা নির্বাচনী কর্মকর্তা আবু সোহেল মো. জুয়েল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, তৈবুর রহমান এবং সাংবাদিক শরিফুল ইসলাম।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মো. আনিসুর রহমান, শেখ শরিফুল ইসলাম, মো. জহুরুল হুদা, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ তবিবুর রহমান খান, মো. সাইদুর রহমান ও তারিকুশ শারাফাত। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচনটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য ভাবে সম্পন্ন হয়।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হেমেন্দ্রনাথ মন্ডলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ মোট ২২ জন নির্বাচনী কার্যক্রম তদারকিতে নিয়োজিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কালিগঞ্জ থানা পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে ছিল সার্বিক নজরদারি।

দীর্ঘদিন পর বহুল প্রতীক্ষিত এ নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছিল, শান্তিপূর্ণ ভোটগ্র হণ ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে তার সফল সমাপ্তি ঘটে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করার পাশাপাশি নাজিমগঞ্জ বাজারের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা হবে,এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বাজারের ব্যবসায়ীরা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।