
নিউজ ডেস্কঃ সাবেক মন্ত্রী মোঃ নাসিমের মৃত্যু নিয়ে ‘আপত্তিকর’পোস্ট দেয়ায় তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় সাতক্ষীরায় সীমান্ত আদর্শ কলেজের প্রভাষক ও কলরোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মন্ময় মনিরকে অবশেষে গ্রেফতার করেছে কলারোয়া থানা-পুলিশ। বুধবার (২৪ জুন) সকালে কলারোয়া থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে কলারোয়ার মুরারীকাটির নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা-আইনে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ঐ ওসি। মনিরুজ্জামান (মন্ময় মনির) উপজেলার মুরারীকাটি গ্রামের মৃত. আয়েজ উদ্দীন সরদারের ছেলে।
প্রসঙ্গত, গত ১৩ জুন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ স্ট্যাটাস দেন মন্ময় মনির। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর বাদী হয়ে কলারোয়া থানায় তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। মামলা নং-১০ তাং-১৪.০৬.২০২০। মামলা দায়ের হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।