মোঃ মিল্টন কবীর

সাতক্ষীরা সদর উপজেলার ১ নং বাঁশদহা ইউনিয়নের কয়ারবিল এলাকা হতে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এসময় তার পাশে পড়ে থাকা অস্ত্র, গুলি ও মাদক জব্দ করে পুলিশ।
পুলিশের দাবি, লিয়াকত আলী একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার (৩০জুলাই) ভোর রাতে সদর উপজেলার কয়ারবিল এলাকায় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে লিয়াকত আলী মারা যেতে পারেন। নিহত ঐ মাদক ব্যবসায়ী সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী তলুইগাছা গ্রামের মৃত মোসলেম আলী সরদারের ছেলে।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান ,সদর উপজেলার কয়ারবিল এলাকায় দু’পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে কয়ারবিল এলাকায় পৌছালে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। এছাড়া তার পাশে একটি বিদেশী রিভলবার, দু’রাউন্ড গুলি, একটি হাসুয়া, ৫০ বোতল ফেন্সিডিল ও ২শ’ পিস ইয়াবা পাওয়া যায়। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ঐ মাদক ব্যবসায়ীকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে দশটি মামলাও রয়েছে। পুলিশের ধারণা,মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে কয়ারবিলে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ঘটতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।