
নতুন সূর্য ডেস্কঃ
পাইকগাছায় শ্যালিকাকে ধর্ষণ করার অভিযোগে দুলাভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ মশিয়ার রহমানকে আটক করেছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালুয়া গ্রামের জনৈক ব্যক্তি তার মেয়েকে বিয়ে দেয় একই এলাকার কামরুল সরদারের ছেলে মশিয়ার রহমান (২২) এর সাথে। বিয়ের পর আকস্মিকভাবে মেয়ে মৃত্যুবরণ করে। এরপর জামাই মশিয়ার মৃত স্ত্রীর ছোট বোন অর্থাৎ শ্যালিকাকে বিয়ের প্রস্তাব দেয়। এ প্রস্তাবে বিবাহিত শ্যালিকাসহ তার পরিবারের কেউ রাজি না হওয়ায় মশিয়ার শ্যালিকার উপর চরমভাবে ক্ষুব্ধ হয় এবং ক্ষতি করার নানা ষড়যন্ত্র শুরু করে। ঘটনার দিন গত ১১ এপ্রিল মশিয়ার শ্যালিকাকে তার শ্বশুর বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যায়। পথিমধ্যে একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে একটি বাড়িতে দুই দিন আটকে রেখে ধর্ষণ করে। পরবর্তীতে ধর্ষণের ঘটনা ভিডিও ধারণ করা হয়েছে বলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে গত ২০ এপ্রিল জামাতার বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।
ওসি মোঃ এজাজ শফী জানান, মামলার আসামী ধর্ষিতার বোন জামাই (দুলাভাই) মশিয়ারকে আটক করা হয়েছে এবং গত বুধবার ভিকটিমের ডাক্তারী পরীক্ষা ও ২২ ধারা সম্পন্ন করা হয়েছে।