
ইউনুছ অালী,পাইকগাছা(খুলনা) ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন পাইকগাছা-কয়রা’র সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু।এমপি বাবু বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একুশের পথ ধরেই এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। এদেশের মানুষের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অধিকার তথা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সফল নেতৃত্বদেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোটি কোটি মানুষকে তিনি স্বাধীনতার মন্ত্রে উজ্জ্বীবিত করে তুলে ছিলেন।
১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দেন। তার আহবানে বাংলার কৃষক-শ্রমিক, হিন্দু, মুসলিম সবাই নির্বিশেষে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানীর বিনিময়ে অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা। ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার একরাশ স্বপ্ন বুকে নিয়ে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু করেছিলেন বঙ্গবন্ধু। ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের পর দুই মাসের মধ্যেই আমার নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রা থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার শুভ সূচনা করেন।শুধু ভাষার অধিকার কিংবা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা নয়, দেশের জন্য স্ব-পরিবারে নিজের জীবনকে উৎসর্গ করেছেন স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে হত্যার পর আমাদের অনেক ঘাত-প্রতিঘাত মোকাবেলা করতে হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থা বারবার ক্ষতিগ্রস্থ হয়েছে সামরিক তন্ত্রের নগ্ন থাবায় জনবহুল ও সীমিত সম্পদের এ দেশকে স্বয়ম্ভর করে তোলার কাজ সহজ ছিল না। দেশে স্বাধীনতা বিরোধে শক্তি এখনও তৎপর রয়েছে।জঙ্গি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইতোমধ্যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। ইতোমধ্যে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার শর্ত পূরণ করেছে বাংলাদেশ। নিজেদের অর্থায়নে আমরা পদ্মা সেতু নির্মাণ করছি। কৃষি ও প্রাণি সম্পদ উন্নয়নে সরকার স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে আমাদের আরও এগিয়ে যেতে হবে। বাস্তবায়ন করতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন। মহামারী করোনায় গোটা বিশ্ব আজ স্থবির। এর মধ্যেও বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতিকে অব্যাহত রেখে এগিয়ে নেয়ার জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছেন।তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট-এ নিহত সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, সে দিন যারা স্বাধীনতা মেনে নিতে পারেনি, তারই সেদিন দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দিতে স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বঙ্গবন্ধু হত্যার বিচার করে বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এমপি বাবু ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে স্বাধীনতা বিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এ অগ্রযাত্রায় শামিল হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।