
নিজস্ব প্রতিনিধিঃ
দুই বছরের ফুটফুটে প্রাণবন্ত শিশু আমীর হামজা। ছোট্ট এই শরীরে একবুক কষ্ট ও যন্ত্রণা নিয়ে কাটছে তার দিন-রাত। এতটুকু বয়সেই তার হার্টের একটি ভাল্বে সমস্যা দেখা দিয়েছে, দিন দিন সেটি শুকিয়ে যাচ্ছে।
সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের তুলসীডাঙ্গা ২নং ওয়ার্ডের মিন্টু ও হালিমা দম্পতির ছোট ছেলে আমীর হামজা। প্রায় দেড় বছর পূর্বে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আমীর হামজার ভ্যানচালক পিতা।
আমীর হামজার মা হালিমা খাতুন জানান, তার তিন সন্তানের (২ পুত্র ও ১কন্যা) মধ্যে আমীর হামজা সবার ছোট। ছোটবেলা থেকেই শ্বাসকষ্টসহ নানাবিধ সমস্যায় ভূগতো সে। দারিদ্রতার কারণে সন্তানকে কখনো ভাল ডাক্তার দেখাতে পারেননি। অন্যের সহায়তায় কিছুদিন পূর্বে সাতক্ষীরাতে একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখালে পরীক্ষা নিরীক্ষা করে তিনি জানান তার ছেলের হার্টের একটি ভাল্ব শুকিয়ে যাচ্ছে। দ্রুত তাকে উন্নত চিকিৎসা করানো প্রয়োজন।
হালিমা আরও বলেন, দেড় বছর পূর্বে পরিবারের একমাত্র উপার্জনক্ষ স্বামীকে হারিয়ে অকুল পাথারে পড়েছেন তিনি। ছোট একটি বসত ভিটা ছাড়া অন্য কোন সহায় সম্পদ বা আয়ের উৎস নেই। স্থানীয় লোকজনের সাহায্য সহযোগীতায় তিন সন্তানকে নিয়ে দু’বেলা দু’মুঠো খেয়ে পরে বেঁচে আছেন। ছোট্ট আমীর হামজার সুচিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। অভাব-অনটনের সংসারে অসুস্থ্য সন্তানের চিকিৎসা করানোর সামর্থ্য তার নেই। সরকারি, বেসরকারি বা সমাজের দানশীল ব্যক্তিবর্গের নিকট সন্তানের সুচিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।
সাহায্য পাঠানোর জন্য ০১৭৫১-৭৮৫১৬১ (বিকাশ) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রতিবেশি সিরাজুল ইসলাম বলেন, মানবতার খাতিরে পিতৃহীন, অসহায়, অসুস্থ্য এই শিশুটির পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন আমরা সকলে এই ফুটফুটে প্রাণবন্ত শিশুটির সুচিকিৎসার জন্য আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমীর হামজার মুখের হাসি অটুট থাকুক।