
নতুন সূর্য ডেস্ক:
দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন হাসান ফয়েজ সিদ্দিকী। বিকেলে বঙ্গভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এর মাধ্যমে তিনি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন।
প্রধান বিচারপতির এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গভবনের দরবকার হলে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। পরে নিয়ম অনুযায়ী শপথনামায় সই করেন নতুন প্রধান বিচারপতি। শেষে স্বাস্থ্যবিধি মেনে করমর্দন না করে তারা কনুইয়ে কনুই ছুঁইয়ে এলবো বাম্প করেন।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় আইন মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫-এর ১ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হাসান ফয়েজ সিদ্দিকীকে প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
সংবিধানের ৯৬-এর ১ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারকরা ৬৭ বছর পর্যন্ত পদে থাকতে পারেন। সেক্ষেত্রে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দুই বছর প্রধান বিচারপতির থাকছেন।