
নতুন সূর্য ডেস্ক:
চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতেও মেট্রোরেল নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি টানেলের কাজ এ বছরই শেষ হবে। এসব প্রকল্প চালু হলে জিডিপিতে আড়াই শতাংশ অবদান রাখবে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় এ তথ্য জানানো হয়।
সভা শেষে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, যেসব শহরে বিমানবন্দর আছে, সেখানেও মেট্রারেল হতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এছাড়া খালের তলদেশ সিমেন্ট দিয়ে ভরাট না করা, ভূমি অধিগ্রহণে দ্রুত ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মোট ১১ হাজার ২১১ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে একনেক সভায়।
এনইসি সম্মেলনকক্ষে পরিকল্পনামন্ত্রী আরো বলেন, আমাদের অনেক সময় প্রকল্পে একাধিকবার সংশোধন করতে হয়। এটার জন্য আমরা ঠিকাদার ও গণপূর্ত অধিদপ্তরকে বকা দিই। কিন্তু যে পরামর্শকের মাধ্যমে নকশা হলো, তারা আড়ালে থেকে যায়। তাদেরও জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ব্রিফিংয়ে জানানো হয়, আশ্রয়ণ-২ প্রকল্পের ব্যয় সাড়ে সাত হাজার কোটি টাকা বেড়ে হচ্ছে ১২ হাজার ৩৬৬ কোটি টাকা। আর প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত সময় চাওয়া হয়েছে দুই বছর।