বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পদ্মাসেতু প্রায় ৯০ ভাগ কাজ শেষ ……. ওবায়দুল কাদের
পদ্মাসেতু প্রায় ৯০ ভাগ কাজ শেষ ……. ওবায়দুল কাদের

পদ্মাসেতু প্রায় ৯০ ভাগ কাজ শেষ ……. ওবায়দুল কাদের

নতুন সূর্য ডেস্কঃ

পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ ভাগেরও বেশি এবং মূল সেতুর প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার পদ্মাসেতু প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হন সেতুমন্ত্রী।

এ পর্যন্ত মোট ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি স্প্যান বসানো হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বর্তমানে দৃশ্যমান হয়েছে ৪ হাজার ৬৫০ মিটার সেতু।

মন্ত্রী বলেন, ৪২টি পিলারের কাজ এরইমধ্যে শেষ হয়েছে এবং নদী শাসনের কাজ প্রায় ৮৪ ভাগ শেষ হয়েছে। এছাড়া মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়ক ও টোল প্লাজার কাজও এরইমধ্যে শেষ হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা থেকে মাওয়া এবং পাচ্চর হতে ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হলে যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের সংশোধন বিষয়ে নির্বাচন কমিশনের উদ্যোগ নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের বিষয়াদি নির্বাচন কমিশনের এখতিয়ার, এ বিষয়ে সরকারের কোন বক্তব্য নেই।

ওবায়দুল কাদের বলেন, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারের কোনো বক্তব্য থাকলে সরকারও নির্বাচন কমিশনকে জানাবে। সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে ভবিষ্যতেও সংবিধান অনুযায়ী সরকার সহযোগিতা করবে, এটা সরকারের সাংগঠনিক দায়িত্ব।

নির্বাচন কমিশন গঠন একটি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কমিশন গঠনে রাষ্ট্রপতি একটি সার্চ কমিটি গঠন করেন, যার মধ্যে বিএনপির প্রতিনিধিও ছিল।

তিনি বলেন, এখন নির্বাচন কমিশনে বিএনপি সমর্থিত প্রতিনিধি আছে, বিএনপির আমলে কমিশন গঠনে কখনও আওয়ামী লীগের নাম দেয়া হয়নি। নির্বাচন কমিশন গঠন কিংবা বাতিলের এখতিয়ার সরকারের নয়, সময় হলেই রাষ্ট্রপতি যথাযথ ব্যবস্থা নেবেন।

এ সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন- সেতু সচিব মো. বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম এবং নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।


About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।