
জাকির হোসেন, কলারোয়া:
গ্রাামীন রাস্তার দুই ধারে সরকারি ভাবে লাগানো বিভিন্ন প্রজাতির গাছ। যেগুলো ইতোমধ্যে বেশ বড়ই হয়েছে। অনুমতি ছাড়াই এসব গাছ কর্তনের হিড়িক পড়েছে। ফলে রাস্তায় এখন আছে শুধু গাছের কাটা অংশের মুল। কলারোয়া উপজেলার বিভিন্ন গ্রাামীন সড়কের দুই পাশে এমন দৃশ্যই চোখে পড়ে।
সাতক্ষীরার কলারোয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে খাসপুর সরকারি রাস্তার প্রায় পঞ্চাশ হাজার টাকার বাবলা গাছ কেটে নেওয়া হয়েছে। সরেজমিনে যেয়ে জানা যায়, উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাসপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তার দুইটি বাবলা গাছ গত ১৭ ফেব্রুয়ারী গভীর রাতে কে বা কারা গাছ কর্তন করে উপজেলার এক কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করে সরকারি সম্পদ লুটপাট করেছে।
স্থানীয় জনগণ জানান, গাছগুলো রাস্তার সরকারি জায়গায় রোপন করা হয়েছিল। কিন্তু সে গুলো এখন রাতের আঁধারে কেটে নিয়ে যাচ্ছে। সরকার যেখানে দিনে দিনে সবুজায়ন গড়ে তোলার লক্ষ্যে নানান প্রকল্প গ্রহণ করছে, সেখানে সরকারী রাস্তার গাছ দেদারছে কেটে ফেলা হচ্ছে। এসব গাছ কেউ কাটছে দিনের বেলায়, কেউ কেটে নিয়ে যাচ্ছে রাতের আঁধারে চুরি করে। এতে সরকারের লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা ইউনুস আলীর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান, আমি গাছ কাঁটার ঘটনা জানতে পেরে সেখানে লোক পাঠিয়েছি এবং অনুসন্ধান চলছে। যেই গাছ কাঁটুক তাকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।