
ফায়েজুর রহমান,রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনে আয়োজিত বিজয় উৎসবে “ভারত-বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ” বলে মন্তব্য করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
বিগত ১৫ই ডিসেম্বর থেকে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গনে আয়োজিত ৩ দিনব্যাপী “বাংলাদেশের বিজয় উৎসব”-এর উদ্বোধনী অনুষ্ঠানে ‘বিজয়ের ৫১ বছরে বাংলাদেশ-ভারত সম্পর্কঃ অতীত, বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে আলোচনাকালে এ মন্তব্য করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান ও কলকাতার বিশিষ্ট সাংবাদিক মানস ঘোষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস।
আলোচনায় রবি উপাচার্য বলেন,ভারত-বাংলাদেশের অকৃত্তিম বন্ধু যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সরকার ও জনগণের যে ত্যাগ ও ঔদার্যের পরিচয় আমরা পেয়েছি, তা শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক নানা মাত্রায় চিহ্নিত হয়েছে। প্রতিবেশী দুই দেশের সম্পর্ক কেবল সামাজিক-সাংস্কৃতিক ঐক্যের নয় তারচেয়েও বেশি অর্থ-রাজনীতির। নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের সুসম্পর্ক কার্যকরী ভূমিকা রাখতে অবিকল্প।
উদ্বোধনী পর্বে এনআরবি সদস্যরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। সমাপনী পর্বে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের পক্ষ থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।