
নতুন সূর্য ডেস্কঃ
খুলনা জেলা আইনজীবী সমিতির ২০২১ সালের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। অন্যান্য পদেগুলোতেও দলীয় ফোরামে সিদ্ধান্ত নিয়ে প্রার্থী চূড়ান্ত করবে দলটি। ফলে আসন্ন নির্বাচনে অনেকটাই এগিয়ে থাকছে ক্ষমতাসীন দল।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দের সাথে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় কেসিসি’র সম্মেলন কেন্দ্রে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদকদ্বয় যথাক্রমে এডঃ সুজিত অধিকারী ও এম ডি এ বাবুল রানা। এতে বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত থাকা একাধিক আইনজীবী জানান, আইনজীবী সমিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের পদ সংখ্যা ১৪টি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত পরিষদে বর্তমান সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কেএম ইকবাল স্ব স্ব পদে পুনরায় নির্বাচনে অংশ নেবেন। যা অনেকটাই নিশ্চিত। অপর ১২টি পদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নিকট আগ্রহী প্রার্থীরা আবেদন করবেন। পরবর্তীতে পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি প্রকাশ্য সভায় প্রার্থী চূড়ান্ত করবে।
নাম প্রকাশ না করার শর্তে আইনজীবীরা জানান, আসন্ন নির্বাচন অনেকটাই চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সমমনারা। তারা মূলত ঐক্যবদ্ধভাবে কাজ করে নির্বাচনে জয় তুলতে চায়। এ জন্য অপেক্ষাকৃত জনপ্রিয়, কর্মঠ ও সর্বজন গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দেবে। অভ্যন্তরিণ ভুল বোঝাবুঝি নিরসনে গণতান্ত্রিক কেন্দ্রীকতার মাধ্যমে সকলের মতামত গ্রহণ করা হবে।
সূত্র জানায়, করোনা সংকটকালে বর্তমান কার্যনির্বাহী কমিটি সব সময় মাঠে থেকে কাজ করেছে। বিশেষ করে ভার্চুয়াল আদালত চালু, আইনজীবীদের প্রশিক্ষণ, সংকটকালীন সহযোগিতায় তারা জোর তৎপরতা চালিয়েছেন। সমিতির উন্নয়ন, কাজ করার পরিবেশ তৈরীতে ভূমিকা রেখেছেন। এসব কর্মকান্ডের মাধ্যমে সাধারণ আইনজীবীদের মধ্যে আস্থা ও গ্রহণযোগ্যতা তৈরী হয়েছে। নির্বাচনে এসব ইস্যু কাজে লাগাতে চায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠনটি।
উল্লেখ্য, আইনজীবী সমিতির সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি প্রার্থী খুলনা সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম ৬৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ পান ৫৫৮ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন ৬২৭ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের মোল্লা মশিয়ুর রহমান নান্নু পান ৬১৪ ভোট।