
প্রভাষক আসাদুজ্জামান ফারুকী,নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী স.ম মোরশেদ আলী(ভি.পি মোরশেদ) বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রউফ এর চেয়ে-১০২৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি।
ভোট গণনা শেষে ঘোষিত ফলাফল অনুযায়ী স.ম মোরশেদ নৌকা প্রতীকে ৬ হাজার ৮০৫ ভোট, প্রয়াত ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের ভাই ও আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ৭৭৭ ভোট এবং নেসার আলী আনারস প্রতীকে ৭৬৪ ভোট পেয়েছেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনের এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টা থেকে ইউনিয়নের নয়টি ভোট কেন্দ্রে সারিবদ্ধভাবে দীর্ঘলাইনে দাড়িয়ে ভোট দিয়েছেন ভোটাররা। তবে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এনির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নৌকা প্রতীকের স. ম মোরশেদ, প্রয়াত ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের ভাই ও আওয়ামী লীগ নেতা মোটরসাইকেল প্রতীক নিয়ে আব্দুর রউফ এবং আনারস প্রতীকের আনসার আলী।
এদিকে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মোতায়েন করা হয় পুলিশ, আনসার ও বিজিবি। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে ছিল একাধিক টিম ।
ভোটাররা জানিয়েছেন, তারা পছন্দের প্রার্থীকে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন। এখানে কোন প্রার্থীর লোক বা অন্য কেউ বাধা দেয়নি।
এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৪৪৫ জন । কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় এ ভোটগ্রহণ। সন্ধ্যায় ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
উল্লেখ্য প্রয়াত চেয়ারম্যান আব্দুল হামিদের মৃত্যুতে এ ইউনিয়নে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। উপনির্বাচনে জয়ী হওয়া চেয়ারম্যান মাত্র ৬ মাস দায়িত্ব পালন করতে পারবেন।