
শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে ৩ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে একজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ভারতের মোস্তফাপুর সীমান্তের বিএসএফ সদস্যরা ওই ৩ জনকে বাংলাদেশের যশোরের শার্শার শালকোনা সীমান্ত দিয়ে পাঠায়। যাদেরকে পাঠানো হয়েছে তারা হলেন– খুলনার ডুমুরিয়া থানার শেখপাড়া এলাকার শাহিন শেখ (৩০), সাগর শেখ (২৮) এবং ভারতের আসাম প্রদেশের গোয়ালপাড়া জেলার মাটিয়া থানার ভৌতিচর গ্রামের আনোয়ার হোসেন (২৫)।
ওসি রবিউল ইসলাম আরও জানান, গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতে ডিউটি করার সময় সীমান্তের নারিকেল বাড়িয়া গ্রামের রাস্তা দিয়ে তিনজন লোক আসতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে তারা জানান বিএসএফ তাদের কাটাতাঁর পার করে এপাশে পাঠিয়েছে। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শনিবার সকালে যশোর কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
দেশে ফেরত পাঠানো শাহিন শেখ জানান, তারা দুই ভাই ভারতের হরিয়ানা রাজ্যে শ্রমিকের কাজ করতেন। গত ৫ অগাস্ট সেখানকার পুলিশ তাদের আটক করে। পরে পুলিশ তাদের সীমান্তে নিয়ে এসে বিএসএফের হাতে তুলে দেয়। গত কয়েক দিন বিএসএফ ক্যাম্পে আটক রাখার পর শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তাদের সীমান্ত পার করে দেওয়া হয়। পরে পুলিশ তাদের আটক করে।
তাদের সাথে থাকা ভারতীয় নাগরিক সম্পর্কে জানতে চাইলে শাহিন শেখ বলেন, ‘আমরা তাকে চিনি না। বিএসএফ ক্যাম্পে তার সাথে দেখা হয়।’