
বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল কাস্টমস হাউসে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক সিপাহীকে সাময়িক বরখাস্ত এবং দুই সহকারী রাজস্ব কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। ২৪ আগস্ট (রোববার) কাস্টমস হাউসের কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্তকৃত সিপাহী হলেন রায়হান আহমেদ, শোকজপ্রাপ্ত দুই রাজস্ব কর্মকর্তা হলেন, সহকারী রাজস্ব কর্মকর্তা এফ. এম. ফয়সাল, সহকারী রাজস্ব কর্মকর্তা খায়রুজ্জামান।
সূত্র জানায়, ২১আগস্ট কাস্টমস বিজিবির যৌথ এক্সিট পোস্টে কর্তব্যরত অবস্থায় সিপাহি রায়হান আহমেদ ইচ্ছাকৃতভাবে একটি গাড়ির নম্বর পরিবর্তন করে লিপিবদ্ধ করেন। সংশ্লিষ্ট গাড়ির প্রকৃত নম্বর ছিল খুলনা মেট্রো-১১-১২৪৪, কিন্তু তিনি তা খুলনা মেট্রো-১১-১২৪২ হিসেবে এন্ট্রি দেন।
ঘটনার পর তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে এবং সংশ্লিষ্ট দুই সহকারী রাজস্ব কর্মকর্তাকে শোকজ নোটিশ প্রদান করে। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ব্যবসায়ীরা বলেন, কাস্টমস হাউসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী দুর্নীতির সাথে জড়িত। তাদেরকে এনবিআর মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনা হলে কমে আসবে দুর্নীতি।