স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কলারোয়ায় মুরগীর খামারের দূর্গন্ধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বড় ভাই রুহুল আমিন (৩৪), যার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ এ ঘটনায় একই পরিবারের চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও আহত দুই ভাই ওই গ্রামের ছলেমান শেখের ছেলে।
নিহত ইব্রাহিম পেশায় ভ্যানচালক ছিলেন। তিনি এক সন্তানের জনক এবং তার স্ত্রী মেঘলা খাতুন বর্তমানে অন্তঃসত্ত্বা।
নিহতের স্ত্রী মেঘলা খাতুন জানান, বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তার স্বামী ইব্রাহিম ও ভাসুর রুহুল আমিনকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্বামীকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ভাসুরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. ফারজানা রহমান জানান, ইব্রাহিম হোসেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় নিয়ে আসে। আটকৃতরা হলেন—আরিফুল ইসলাম (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৫), তার পিতা জামাল উদ্দিন (৬২) এবং মাতা শাহানারা খাতুন (৫৫)।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
