
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে এক ব্যবসায়ীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে অপপ্রচার ও মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তিনি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।শুক্রবার (১০ জুলাই, ২০২৬) বিকেলে কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. শাহাজান সরদার।লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, গত মঙ্গলবার (৮ জুলাই) তার বাড়িতে আত্মীয়-স্বজনদের দাওয়াত ছিল। জরুরি কাজে ব্যস্ত থাকায় তিনি নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারলেও সন্ধ্যার দিকে তার এক নিকটাত্মীয় ও ওই আত্মীয়ের এক প্রতিবেশী তার বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে উপজেলার পানিয়া গ্রামের মোল্লাপাড়া এলাকায় পৌঁছালে কয়েক জন নেশাগ্রস্ত ও বিপথগামী যুবক তাদের পথরোধ করে এবং তার নারী আত্মীয়কে হেনস্তার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনি ওই যুবকদের কাছে ঘটনার কারণ জানতে চাইলে তারা তার সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করে। এ সময় তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ‘সাতক্ষীরা টেলিভিশন’ নামের একটি অনলাইন অনিবন্ধিত পেজে “কালিগঞ্জের পানিয়ায় হাজী মধু ব্যবসায়ী গভীর রাতে মহিলার সঙ্গে আটক” শিরোনামে প্রচার করা হয় বলে অভিযোগ করেন তিনি।মো. শাহাজান সরদারের দাবি, প্রচারিত ভিডিও ও শিরোনামের তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। তাকে সামাজিক ও ব্যবসায়িক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে একটি মহল পরিকল্পিত ভাবে এ ধরনের অপপ্রচার চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।