কয়রা (খুলনা) প্রতিনিধি:
সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান এলাকায় কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত খুলনার দাকোপ থানাধীন নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই দুই এলাকা থেকে প্রায় ৯৯ হাজার টাকা মূল্যের সর্বমোট ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।
পরে জব্দ করা হরিণের মাংস ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে সুন্দরবনসহ বিভিন্ন এলাকায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও বন্যপ্রাণী সংরক্ষণ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
