মোঃ জাহাঙ্গীর হোসেন:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালী সরদারপাড়া জামে মসজিদে শিশুদের কোরআন শিক্ষায় উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
মসজিদের ইমামের উদ্যোগ এবং গদখালীর প্রবাসীদের সহযোগিতায় কোরআন শিক্ষা গ্রহণকারী ৯৮ জন শিক্ষার্থীর মাঝে উপহার প্রদান করা হয়েছে। একই সঙ্গে কোরআন শরীফ পড়া শেখা ২২ শিশুর হাতে তুলে দেওয়া হয়েছে পবিত্র কোরআন শরীফ।
শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ সকালে গদখালী সরদার পাড়া জামে মসজিদে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
দীর্ঘদিন ধরে মসজিদের ইমামের আন্তরিক প্রচেষ্টায় এলাকার ৯৮ জন ছাত্রছাত্রী নিয়মিত কোরআন শিক্ষা গ্রহণ করে আসছে। এর মধ্যে যারা কোরআন শরীফ পড়া শেখার পর্যায় সম্পন্ন করেছে, তাদের মধ্য থেকে ২২ শিশুকে পবিত্র কোরআন শরীফ প্রদান করা হয়।
এছাড়া শিশুদের কোরআন শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তুলতে ৯৮ জন শিক্ষার্থীর প্রত্যেককে উপহার হিসেবে একটি করে প্লেট দেওয়া হয়।
পবিত্র কোরআন শরীফ হাতে পেয়ে শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। ব্যতিক্রমী এ আয়োজনে খুশি স্থানীয় গ্রামবাসী ও সচেতন মহল।
স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই শিশুদের কোরআন ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মসজিদের ইমামের প্রচেষ্টা এবং প্রবাসীদের সহযোগিতায় ভবিষ্যৎ প্রজন্ম ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আরও এগিয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।
শিশুদের কোরআন শিক্ষায় উৎসাহিত করতে এ ধরনের মহৎ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
