Saturday, 3rd October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে চাঁচাই বৃক্ষমেলা উদ্বোধনের অপেক্ষায়, বিপাকে দূর-দূরান্ত থেকে আসা নার্সারি মালিকরা
কালিগঞ্জে চাঁচাই বৃক্ষমেলা উদ্বোধনের অপেক্ষায়, বিপাকে দূর-দূরান্ত থেকে আসা নার্সারি মালিকরা

কালিগঞ্জে চাঁচাই বৃক্ষমেলা উদ্বোধনের অপেক্ষায়, বিপাকে দূর-দূরান্ত থেকে আসা নার্সারি মালিকরা

 

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে আয়োজিত চাঁচাই বৃক্ষমেলা উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন নার্সারি মালিক ও ব্যবসায়ীরা। নির্ধারিত সময়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ায় মেলা প্রাঙ্গণে অপেক্ষার প্রহর গুনছেন তারা। এতে অনেকটা ভোগান্তিতে পড়েছেন মেলায় অংশ নিতে আসা ব্যবসায়ীরা।

শুক্রবার (২ অক্টোবর) সকালে সরেজমিনে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বিভিন্ন নার্সারি মালিক তাদের গাছের চারা নিয়ে স্টলে অবস্থান করছেন। পাশাপাশি শিশুদের খেলনা সামগ্রীসহ বিভিন্ন পণ্যের দোকানও প্রস্তুত রয়েছে। মেলার অন্যান্য কার্যক্রম ও আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হলেও আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ায় অনেকটা স্থবির হয়ে রয়েছে মেলার মূল কার্যক্রম।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে চাঁচাই বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে কোনো এক কারণে নির্ধারিত সময়ে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। ফলে দূর-দূরান্ত থেকে আগেই মেলায় এসে অবস্থান নেওয়া নার্সারি মালিক ও ব্যবসায়ীদের অপেক্ষায় থাকতে হচ্ছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ বৃক্ষমেলাকে ঘিরে নার্সারি মালিকদের মধ্যে শুরু থেকেই উৎসাহ-উদ্দীপনা রয়েছে। মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছের চারা নিয়ে অংশ নিয়েছেন তারা।

মেলায় আগত নার্সারি মালিকরা বলেন, গাছ লাগান পরিবেশ বাঁচান,সবুজে ভরে উঠুক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও ব্যাপক ভাবে ছড়িয়ে দিতে হবে। মানুষের মধ্যে গাছ লাগানোর আগ্রহ ও পরিবেশ সচেতনতা বাড়াতে এ ধরনের বৃক্ষমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তারা আরও বলেন, অনেকেই দূর-দূরান্ত থেকে গাছের চারা ও বিভিন্ন পণ্য নিয়ে মেলায় এসেছেন। আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ায় ব্যবসায়িক কার্যক্রমও প্রত্যাশিত ভাবে শুরু করা যাচ্ছে না। দ্রুত মেলার উদ্বোধন সম্পন্ন হলে দর্শনার্থীদের উপস্থিতি বাড়বে এবং মেলার কার্যক্রমও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তারা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।