মোস্তফা হোসেন বাবলু:
সাতক্ষীরার কলারোয়ায় ৫ পিস ইয়াবাসহ সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—চন্দনপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. আবু সাঈদ (৪৫), যশোরের শার্শা উপজেলার পারের কায়বা গ্রামের সোহরাব হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (১৯), চন্দনপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. সবুজ হোসেন (২৪), আলমগীর হোসেনের ছেলে মো. শরিফুল ইসলাম (২৭) এবং আমিনুর রহমানের ছেলে মো. আতিকুর রহমান (২৬)।
আদালতের রায়ে ১ নম্বর আসামি মো. আবু সাঈদকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ থেকে ৫ নম্বর আসামিকে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে কলারোয়া থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরা সহযোগিতা করে। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
