
তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন-২০২৬ উপলক্ষে মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
দীর্ঘ ১৬ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পূর্বঘোষিত তফসিল অনুযায়ী শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে নাজিমগঞ্জ বাজার কমিটির কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ কার্যক্রম শুরু হয়। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
নির্বাচনের প্রথম দিনেই ১৩টি পদের বিপরীতে একাধিক প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। প্রথম দিনে সকাল ১০টার পর সদস্য পদে মো. হাফিজুর রহমানের পক্ষে তাঁর প্রতিনিধি দল প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে সভাপতি পদে শেখ নাজমুল ইসলাম বাবু ও তাঁর সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. শের আলীসহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে নাজিমগঞ্জ বাজারে দিনভর উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। দীর্ঘদিন পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বাজারের বিভিন্ন দোকান ও আশপাশের এলাকাতেও নির্বাচন নিয়ে চলছে আলোচনা।নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, ৩, ৪ ও ৫ অক্টোবর মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহের দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা।