তিনি বলেন, একজন সাবেক শিক্ষার্থী হিসেবে বাদলের সুষ্ঠু বিচার ও ন্যায়বিচার পাওয়া উচিত ছিল। তবে ভারতীয় আদালত তাকে ন্যায়বিচার দিতে পারেনি বলে মনে করেন তিনি। নামের সামান্য ভুলের কারণে বাদলকে দীর্ঘ ১৮ বছর কারাগারে থাকতে হয়েছে। নির্দোষ হয়েও জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়েছেন তিনি। বাদলের স্থায়ী মুক্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান এই শিক্ষক।
বাদলের মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে তার পরিবার, বাংলাদেশ ও ভারতের মানবাধিকারকর্মী, লেখক এবং সাংবাদিকেরা কাজ করছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে লেখক রাহিতুল ইসলাম ‘ভুল বিচারে ১৮ বছর: ভারত থেকে বাংলাদেশ’ উপন্যাসটি প্রকাশ করেন। এতে বাদলের গ্রেফতার, বিচার, কারাগারে নির্যাতনের অভিযোগ এবং দীর্ঘ বন্দিজীবনের নানা ঘটনা তুলে ধরা হয়। গত ৬ এপ্রিল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাদলের মুক্তির দাবিতে মানববন্ধন করেন তার স্বজন, পাঠক ও মানবাধিকারকর্মীরা।দীর্ঘ ১৮ বছর পর বাদল বাড়ি ফিরলেও পরিবারের প্রত্যাশা, চার সপ্তাহের প্যারোলে মুক্তিতেই যেন তার মুক্তির বিষয়টি সীমাবদ্ধ না থাকে। আইনি জটিলতার স্থায়ী সমাধানের মাধ্যমে বাদল যেন তার বৃদ্ধা মা ও পরিবারের সঙ্গে থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেই দাবি তাদের।