
নিউজ ডেস্কঃ রূপসায় চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই চেষ্টাকালে জনতার সহায়তায় পুলিশ দুইজনকে আটক করেছে। এ ব্যাপারে চালক নজরুল বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের হয়েছে। গত বুধবার রাত পৌনে ৮ টায় উপজেলার নৈহাটি ইউনিয়নের কালীবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন- খুলনা মহানগরীর লবনচরা থানার মোল্লাপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে হাসিবুল ইসলাম আলভী (২১) ও বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার বড় মাদুরা গ্রামের মালেক কবিরাজের ছেলে মো. আরিফ কবিরাজ (২০)। জানা গেছে, হাসিবুল ইসলাম আলভী ও আরিফ কবিরাজ যাত্রী সেজে কয়রা উপজেলার নাকসা গ্রামের মোফাজ্জেল মোড়েলের ছেলে নগরীর ইজিবাইক চালক নজরুল মোড়লের (৩০) গাড়ি রোগী নেয়ার কথা বলে ভাড়া নেয়। তারা গল্লামারী থেকে ইজিবাইকটি ভাড়া নিয়ে নগরীসহ বটিয়াঘাটার বিভিন্ন স্থানে ঘোরা-ঘুরি করে। একপর্যায়ে বিকেল আনুমানিক সাড়ে ৩ টায় গাড়ী নিয়ে রূপসার শ্রীরামপুর বিল সংলগ্ন কবির মোল্লার এসবিএম ইটভাটার সামনে বেড়িবাঁধের পাশে যায়। এর আগে গোডাউন মোড় থেকে আসার পথে ছিনতাইকারীরা কয়েকজন লোকের সাথে কথা বলে। সেখানে তারা ঘোরাঘুরি করে। সন্ধ্যা নামার পরপরই ভাড়াকারীরা ড্রাইভার নজরুলকে মারধর শুরু করে এবং তাকে ছুরি দিয়ে আঘাত করে। কিন্তু ছুরিসহ আঘাতকারীর হাত ধরে বসে চালক। তাদের ধস্তাধস্তিতে ছুরি পানিতে পড়ে যায়। এক পর্যায়ে তাকে মেরে পানিতে ফেলে দেয়। মারা গেছে মনে করে তারা গাড়ী নিয়ে পালানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর চালক নজরুল স্থানীয় লোকজনদের জানায়। তখন তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য শাহ মোহাম্মদ রবিউল ইসলামকে জানালে তিনি কালীবাড়ী বাজারে এসে লোকজন জড়ো করে গাড়ীসহ তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। এ ব্যাপারে রূপসা থানায় মামলা দায়ের করা হয়েছে।