
নতুন সূর্য ডেস্কঃ
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার এক শোকবার্তায় সাধারণ মানুষকে আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি আইন অঙ্গণে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য,বুধবার সকাল ৮ টা ১৮ মিনিটে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।আবদুল বাসেত মজুমদারের ছেলে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা এতথ্য নিশ্চিত করেছেন।
বাসেত মজুমদারের নামাজে জানাজা আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
আব্দুল বাসেত মজুমদারের জন্ম ১৯৩৮ সালের ১ জানুয়ারি কুমিল্লার লাকসামে। ১৯৬৬ সালের ২৮ সেপ্টেম্বর তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ১৯৬৭ সালের ৮ ফেব্রুয়ারি তিনি হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরই মধ্যে তিনি তার আইনজীবী পেশায় ৫৪ বছর অতিক্রম করেছেন।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল বাসেত মজুমদার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।