
মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ
আসন্ন রমজান মাসে নিত্য পন্য দ্রব্য বাজার নিয়ন্ত্রণ ও খাদ্যদ্রব্যের গুনগত মান নিশ্চিত করনের লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

সোমবার (২০শে মার্চ) সোমবার সকাল ১০টা থেকে সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা সুলতানা নীলা’র নেতৃত্বে উপজেলার পৌর সদরের বিভিন্ন নিত্য পণ্য দ্রব্যের বাজার মনিটরিং করা হয়।এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রয়ের জন্য ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ১০০০ টাকা ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয়ের অপরাধে শেখ সিড হাউজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ১০০০টাকা অর্থাৎ ২টি মামলায় মোট ২০০০ টাকা জরিমানা করা হয়।
জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপি উপজেলা প্রশাসনের টিম বাজার মনিটরিং করবেন। এছাড়া মনিটরিংকালে বাজার ব্যবসায়ীরা পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে ম্যাজিস্ট্রেটকে আশ্বস্ত করেন।

কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা বলেন, নির্ধারিত দামের তালিকা প্রতিটি দোকানে টাঙিয়ে রাখতে হবে। যাতে ক্রেতারা প্রতারিত না হন। প্রতিবছর রমজানকে সামনে রেখে কিছু অসাধু চক্র পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে। পণ্যের দাম বাড়াতে তৎপর থাকেন। এবার এসব অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো অজুহাত সৃষ্টি করে পণ্যের দাম বাড়ালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
রমজানে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল খাদ্য পরিবেশন করে। এছাড়াও অনেকে ফুটপাত দখল করে ইফতার বিক্রি করে। এতে মারাত্মক যানজটের সৃষ্টি হয়। এবার ফুটপাতে ইফতার বিক্রি করতে দেওয়া হবে না। ভেজাল খাদ্য পরিবেশন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আইনের আওতায় হবে।