স্টাফ রিপোর্টারঃ
সম্প্রতি আবার নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ায় পবিত্র ঈদুল আযহার দীর্ঘ ছুটি সত্ত্বেও জনস্বার্থে স্বাস্থ্য সেবা কার্যক্রম চালিয়ে গেছেন কলারোয়া উপজেলা পরিবার পরিকল্পণা বিভাগের সংশ্লিষ্ট ডাক্তার ও স্বাস্থ্যকর্মীগণ।
সরেজমিনে উপজেলার কয়েকটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ঘুরে জনসাধারণের স্বাস্থ্য সম্পর্কিত সেবা গ্রহণের দৃশ্য দেখা যায়।

কলারোয়া উপজেলা পরিবার পরিকল্পণা কর্মকর্তা মোশফিয়াতুন নাহার জানান, বর্তমানে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট বিস্তার লাভ করা শুরু করেছে। এমন পরিস্থিতিতে ঈদের দীর্ঘ ছুটি থাকা সত্ত্বেও আমরা জনস্বার্থে বিশেষ ব্যবস্থায় সকল স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করেছি। কারণ আমাদের মূল লক্ষ্য হলো জনগণ যেন তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। মাঠ পর্যায়ে ডা: কানিজ ফাতেমা এমও(এমসিএইচ-এফপি) ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অক্লান্তভাবে সেবা প্রত্যাশী গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা, নিয়মিত টিকাদান, পরিবার পরিকল্পনা পদ্ধতি ছাড়াও করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার উপায়সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা প্রদান করেন।
সাধারণত সরকারি ছুটির দিন গুলিতে শুধুমাত্র জরুরী বিভাগ ছাড়া বহিঃ বিভাগের সকল স্বাস্থ্য সেবা কার্যক্রম বন্ধ থাকে। কিন্তু এবার করোনা সংক্রমনের ঝুঁকি থাকা সত্ত্বেও কঠোর স্বাস্থ্যবিধি মেনে ব্যতিক্রম উদ্যোগে সেবা কেন্দ্র গুলোতে সেবা কার্যক্রম চালু থাকায়, সেবা গ্রহীতারা নির্বিঘ্নে তাদের কাঙ্খিত স্বাস্থ্যসেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।