
ডেস্ক নিউজ:
নওগাঁয় শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসাইনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে এক জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়।
একই সঙ্গে তাকে দেওয়া সদর উপজেলা চেয়ারম্যান পদের দলীয় মনোনয়ন বাতিল করা হয়েছে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর দুপুরে মাদ্রাসায় দশম শ্রেণিতে ক্লাস নিতে গিয়ে এক ছাত্রীকে যৌন নির্যাতন করেন মাওলানা মোনায়েম হোসাইন। পরবর্তী সময়ে ওই ছাত্রীকে আবারও একা পেয়ে যৌন নির্যাতন করেন তিনি। এ ঘটনাটি ২৩ সেপ্টেম্বর প্রকাশ্যে এলে বিক্ষুব্ধ ছাত্রীরা তার পোস্টার সংবলিত ছবিতে জুতার মালা পরিয়ে প্রতিবাদ করেন। একই সঙ্গে দ্রুততম সময়ে এ ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোনায়েম হোসাইন বলেন, ‘আমি মবের শিকার। মোবাইলে এ ব্যাপারে কোনও কথা বলা যাবে না। আপনি সাক্ষাৎ করলে বিস্তারিত জানতে পারবেন।’