রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর আমিরের এ সফর বেশ তাৎপর্যময়। বিশেষ করে গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের একধরনের ইতিবাচক মনোভাব রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বেশ কয়েকবার জামায়াতের আমির ও দলটির নেতা-নেত্রীদের সঙ্গে দেখাও করেছেন।
জ্আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের এমন প্রতিশ্রুতিতে দৌড়ঝাঁপ বেড়েছে রাজনৈতিক দলগুলোর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের জোটভুক্ত দলগুলো ছাড়া ভোটের মাঠে সরব বিএনপি, জামায়াতে ইসলামী ও অন্য দলগুলো। ভোটের রাজনীতিতে থেমে নেই নতুন দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি)। ফলে এসব দলের নেতাদের কার্যক্রম সবার নজরে এখন। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির। তার সেসব বক্তব্য নিয়েও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।