
শেখ মারুফ হোসেন :
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সকাল ১১টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এর আর্থিক সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এ সভা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও ক্ষতিব, পুরোহিত, অধ্যক্ষবৃন্দ, ১৬টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, বিবাহ রেজিস্টার, ছাত্র ও ছাত্রী প্রতিনিধি, এনজিও কর্মকর্তাবৃন্দসহ, ইউএনএফপিএ বাংলাদেশ এর ফিল্ড অফিসার ডা. নূর-ই-আলম সিদ্দিকী, কনসার্ণড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি) বাগেরহাট এর ফিল্ড অফিসার শেখ মারুফ হোসেন, এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. নূর-ই-আলম সিদ্দিকী ফিল্ড অফিসার, ইউএনএফপিএ বাংলাদেশ। সভায় বাল্যবিবাহ নিরোধ আইনের প্রয়োগ ও বাস্তবায়ন, জাতীয় কর্মপরিকল্পনা সংক্রান্ত অগ্রগতি এবং বাগেরহাট জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।
কনসার্ণড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি) বাগেরহাট এর ফিল্ড অফিসার শেখ মারুফ হোসেন বলেন, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় গ্লোবাল প্রোগ্রাম টু এন্ড চাইল্ড ম্যারিজ জিপিইসিএম ফেজ-৩ এর আওতায় বাগেরহাটে মাধ্যমিক স্তরের ৪৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়ার হার কমানো, শিক্ষা প্রতিষ্ঠানে ধরে রাখা, তাদের সম্ভাবনাকে জাগিয়ে তোলা, আমাদের সমাজে বিভিন্ন পেশায় যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে তাদের নিয়ে সম্ভাবনার উৎসব আয়োজন করা, শিক্ষার্থীদের জেন্ডার বেজ ভায়োলেন্স এর উপর প্রশিক্ষণ প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ সমাজের বিভিন্ন পেশায় মানুষের অংশগ্রহণে কমিউনিটি এনগেজমেন্ট সভা করে, প্রতিষ্ঠান প্রধানদের ওরিয়েন্টেশন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাস্টার ট্রেনার তৈরি করে তাদের মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টারেক্টিভ সেশন প্রদান করে।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, আইন প্রয়োগ জোরদার ও সকল স্তরের মানুষের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, “ মোরেলগঞ্জ উপজলোয় বাল্যবিবাহের হার বেশি এই হার কমাতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিভিন্ন সভা সেমিনার ছাড়াও কমিউনিটি পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।”
এসভায় উপস্থিত অংশগ্রহণকারীগণ সামাজিক সচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার জোর দাবি জানান।