জাহিদুল ইসলাম:
কলারোয়ায় নব-নির্বাচিত এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া উপজেলা জামায়াতের আয়োজনে ২৩ ফেব্রুয়ারি সোমবার বিকালে কলারোয়া পাইলট হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নব-নির্বাচিত সাংসদ অধ্যক্ষ ইজ্জত উল্লাহ প্রধান অতিথির বক্তব্যে বলেন, মহান আল্লাহতালা এ বিজয়ে আমাদেরকে আরো মানুষের কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছেন । সাথে সাথে সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি । তালা -কলারোয়ার জনগণ হামলা- মামলা সহ সকল ভয়ভীতি ও রক্ত চক্ষুকে উপেক্ষা করে দাড়িপাল্লায় ভোট দিয়ে এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছেন।
তিনি আরো বলেন, নির্বাচনের আগে আমি একটি দলের প্রার্থী হিসেবে নির্বাচন করেছি কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমি শুধু একটি দলের নয়, দলমত নির্বিশেষে সকলের এমপি।
কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত গণ সংবর্ধনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক,কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর আলী, কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ মাওলানা আম্মাদ আলী, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু ও মাষ্টার শওকত আলীসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
