তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “অধিকার, ন্যায় ও কর্মের সমন্বয়েই গড়ে উঠুক ডিজিটাল নিরাপদ বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।
রবিবার (১৫ মার্চ) সকাল ১০টায় কালিগঞ্জ অফিসার্স ক্লাবের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতির উদ্যোগে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমন বিষয়ক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সভাপতিত্বে এবং অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার আবু আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাওছার তুহিন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল এবং প্রভাষক সেলিম শাহরিয়ার।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এসএম আহমাদুল্লাহ বাচ্চু, শেখ আব্দুল করিম, কাজী আল মামুন, শিমুল হোসেন, তাপস কুমার ঘোষ, শাহাদাত হোসেন, শেখ মারুফ হোসেন, ফজলুল হক, শেখ আতিকুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে এর অপব্যবহারও বাড়ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে জেন্ডারভিত্তিক সহিংসতার নানা ঘটনা ঘটছে, যা সমাজের জন্য উদ্বেগজনক। এ ধরনের সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, নারী ও কিশোরীদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি গণমাধ্যমকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর সহিংসতা মোকাবিলায় আইন প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
