কামরুল হাসান:
কলারোয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন উপজেলা পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের সভাপতি নয়ন রঞ্জন মজুমদার ও সাধারণ সম্পাদক নিশিত রায় চৌধুরী।
সোমবার রাতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা বলেন,আমরা গভীর উদ্বেগের সাথে অবগত করছি যে, বাংলাদেশ সরকারের পরোহিত ও সেবায়েতদের ভাতা প্রদান কার্যক্রমের আওতায় কলারোয়া উপজেলায় প্রণীত সাম্প্রতিক তালিকা নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। প্রচলিত হিন্দু ধর্মীয় রীতি ও সামাজিক প্রেক্ষাপটে পরোহিত-সেবায়েতদের নির্বাচন একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। অভিযোগ রয়েছে যে, বর্তমান তালিকা প্রণয়নের ক্ষেত্রে এই বিষয়গুলোর যথাযথ প্রতিফলন ঘটেনি, যা ধর্মীয় অনুভূতি ও ঐতিহ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
এছাড়াও আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে, মেয়াদোত্তীর্ণ পূজা উদযাপন কমিটির কিছু নেতৃবৃন্দ এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। যার ফলে পুরো বিষয়টি আরও জটিল ও বিতর্কিত রূপ নিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড আমরা কোনোভাবেই সমর্থন করি না এবং এর প্রতি আমাদের স্পষ্ট নিন্দা জ্ঞাপন করছি। আমরা এই পুরো প্রক্রিয়ার প্রতি নিন্দা ও অসন্তোষ প্রকাশ করছি। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের দৃঢ় অনুরোধ তালিকা প্রণয়নের প্রক্রিয়াটি অবিলম্বে পুনর্বিবেচনা করে সংশ্লিষ্ট ধর্মীয় ও স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শক্রমে একটি গ্রহণযোগ্য ও সঠিক তালিকা প্রস্তুত করা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আমরা আশা করি।
