
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের সৃজনশীলতা ও মেধার পরিচয় তুলে ধরে।রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিলন সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচকরা বিজ্ঞান শিক্ষার প্রসার এবং প্রযুক্তিনির্ভর জাতি গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রউফ, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান এবং বিএনপি নেতা সাইফুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে নিয়মিত এমন কর্মসূচি প্রয়োজন।
মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট পাঁচটি স্টল স্থাপন করা হয়, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক ধারণা উপস্থাপন করে। পাশাপাশি আয়োজিত বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।