
শেখ মারুফ হোসেন, বাগেরহাট থেকে :
বাগেরহাটের কচুয়ায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের ওপর সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ আলোচনা ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন, ২০২৬) কচুয়া মডেল মসজিদের হল রুমে এই সভার আয়োজন করা হয়।
বাগেরহাট জেলা পুলিশ এর উদ্যোগে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এর কারিগরি সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ‘Prevention and Response to Gender-based Violence Against Women and Girls (PREVAIL)’ প্রকল্পের মূল সুর ধরে নারী ও মেয়েশিশুদের প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ এবং ভুক্তভোগীদের সুরক্ষায় সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুর রহমান-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: আবু রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে মো: আবু রাসেল বলেন, “নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কেবল আইনের কঠোর প্রয়োগই যথেষ্ট নয়, বরং সমাজের প্রতিটি স্তরে দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, থানাগুলোতে থাকা বিশেষ সার্ভিস ডেস্কের মাধ্যমে ভুক্তভোগীদের দ্রুত ও আইনি সহায়তা প্রদানে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা, যুব প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আমন্ত্রিত বক্তারা বলেন, সমাজের অসহায়, নারী, শিশু ও প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় যুব সমাজ এবং পুরুষদের ‘পরিবর্তনের দূত’ হিসেবে এগিয়ে আসতে হবে। যে-কোনো ধরনের নির্যাতনের ঘটনা ঘটলে, তা চেপে না রেখে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া এবং বহুমাত্রিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও সভায় বিস্তারিত আলোকপাত করা হয়।
এছাড়াও, যে-কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়ানো এবং যার যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলার শপথ গ্রহণের মধ্য দিয়ে এই বিশেষ সচেতনতা সভার সমাপ্তি ঘটে।