কামরুল হাসান:
“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার কলারোয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় ফল মেলা।
দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং ফল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতেই এ মেলার আয়োজন করা হয়।মেলায় আম, কাঁঠাল, আনারস, পেয়ারা, জাম, খেজুর, আমড়া, কলাসহ বিভিন্ন মৌসুমি ও দেশীয় ফলের সমাহার ঘটে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
উপজেলার বিভিন্ন কৃষক, নার্সারি মালিক ও উদ্যোক্তারা নানা জাতের ফল ও ফলজাত পণ্য প্রদর্শন করেন। অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের আয়োজন তাদের উৎপাদনে উৎসাহ জোগায় এবং নতুন প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেয়।
উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, জামায়াতের উপজেলা আমির মাওলানা কামারুজ্জামান, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক।
