মোঃ জাহাঙ্গীর হোসেন:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোয়ালচতরে আমেরিকা প্রবাসী দম্পতির সার্বিক সহযোগিতায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে এলাকার তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ প্রদান ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. সৌমেন সরকার এবং ডা. ফারজানা রহমান রোগীদের চিকিৎসা সেবা দেন। তারা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন।
আয়োজকরা বলেন, গ্রামের অসহায় ও নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম বলেন, “অনেক মানুষ নিয়মিত চিকিৎসা নিতে পারেন না। এ ধরনের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তারা সহজেই স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ পাচ্ছেন। সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার আহ্বান জানাই।
চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বলেন, “বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরে খুবই উপকৃত হয়েছি। ওষুধ ও ডায়াবেটিস পরীক্ষাও বিনামূল্যে হয়েছে। এমন আয়োজন আমাদের মতো মানুষের জন্য অনেক উপকারে আসে।”
মেডিকেল ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন আমেরিকা প্রবাসী মো. আলমগীর হোসেন।
যুবসমাজ ও স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও নিয়মিত এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
