তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক ও টেকসই মৎস্যচাষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল এবং পুরস্কার প্রাপ্ত মৎস্যচাষি জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনীতিতেও মৎস্য খাত উল্লেখ যোগ্য ভূমিকা রাখছে। এ খাতের সম্ভাবনাকে আরও কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ এবং জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, শুধু উৎপাদন বাড়ালেই হবে না, নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন নিশ্চিত করাও জরুরি। এ জন্য মৎস্যচাষি, ব্যবসায়ী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণকে সমন্বিত ভাবে কাজ করতে হবে। জলাশয় ও মৎস্যসম্পদের সুরক্ষা নিশ্চিত করা গেলে দেশের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে এবং জাতীয় অর্থনীতিতে এর অবদানও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে দেশের মৎস্য খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং উৎপাদন বৃদ্ধিতে করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব পদ্ধতিতে মাছ চাষে মৎস্যচাষিদের উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনা সভা শেষে মৎস্যচাষ ও উৎপাদনে বিশেষ অবদান রাখা সফল খামারিদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। মৎস্যচাষে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত চাষিদের হাতে অতিথিরা সম্মাননা তুলে দেন।
আয়োজকরা জানান, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও টেকসই মৎস্য চাষে জনগণকে সম্পৃক্ত করতে জাতীয় মৎস্য পক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মৎস্য খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি চাষি ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
