তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা আলহাজ্ব হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মঈনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সমন্বয়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুসহ সংশ্লিষ্টরা।সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ছোট-বড় চুরি প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, আত্মহত্যা ও অপমৃত্যু রোধ, জলমহাল এবং বালুমহাল সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধ ও অনিয়ম প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের বিষয়ে মতামত তুলে ধরা হয়। পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
মাসিক এ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
