আশাশুনি প্রতিনিধি।।
শ্রমিকদের নৈতিকতা,দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতা বৃদ্ধির পাশাপাশি আদর্শ শ্রমিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আশাশুনিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ ক্লাস অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর ছিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,শ্রমিকরা দেশের অর্থনীতি ও উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা,মর্যাদা রক্ষা এবং কল্যাণ নিশ্চিত করতে হলে তাদের মধ্যে নৈতিকতা,সততা, দায়িত্ববোধ ও ইসলামী মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। শুধু জীবিকা নির্বাহ নয়,বরং একজন শ্রমিককে দক্ষ, সৎ,দায়িত্বশীল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এ লক্ষ্য অর্জনে নিয়মিত সাংগঠনিক ক্লাস ও প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি মাওলানা ইউসুফ হোসেন,আবারুল ইসলাম, মোবারক হোসেন,মাওলানা মোয়াজ্জেম হোসেন, আইয়ুব রসুল,বুলবুল হোসেন ও জাকির হোসেনসহ উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।