
অনলাইন ডেস্কঃ
চীনের সঙ্গে সীমান্ত বিরোধের মধ্যে ভারতে এসে পৌঁছল রাফাল যুদ্ধবিমান। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার ভারতের মাটি ছুঁল পাঁচটি রাফাল। বুধবার দুপুর ৩টে নাগাদ হরিয়ানার অম্বালায় ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করে বিমানগুলি। ফ্রান্স থেকে সেগুলি উড়িয়ে এনেছেন ভারতীয় বায়ুসেনার পাইলটরাই। এ দিন অম্বালা ঘাঁটিতে তাঁদের স্বাগত জানান বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল রাকেশকুমার সিংহ ভাদৌরিয়া।
অম্বালায় রাফালের অবতরণের একটি ভিডিয়ো টুইটারে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে সংস্কৃত শ্লোক তুলে ধরে রাফালকে ভারতে স্বাগত জানান তিনি। মোদী লেখেন, ‘‘রাষ্ট্ররক্ষাসম পুণ্য, রাষ্ট্ররক্ষাসম ব্রতম, রাষ্ট্ররক্ষাসম যজ্ঞ, দৃষ্টো নৈব চ নৈব চ। নভ: স্পৃশ দীপ্তম…স্বাগতম।’’ অর্থাৎ রাষ্ট্রের সুরক্ষার চেয়ে বড় কোনও পুণ্য, ব্রত এবং যজ্ঞ নেই।
রাফাল ভারতের মাটি ছোঁয়ার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ টুইট করেন, ‘‘নিরাপদে অম্বালায় অবতরণ করেছে বিমানগুলি। রাফাল যুদ্ধবিমান মাটি ছোঁওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের সামরিক ইতিহাসে নতুন যুগের সূচনা হল। বহুমুখী ক্ষমতাসম্পন্ন এই বিমানগুলি বায়ুসেনার শক্তিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে।’’ নিরাপদে রাফালকে ভারতে আনার জন্য ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দনও জানান রাজনাথ। সেইসঙ্গে লেখেন, ‘‘আমি অত্যন্ত খুশি যে একে বারে ঠিক সময়ে ভারতীয় বায়ুসেনার যুদ্ধক্ষমতা বৃদ্ধি পেল।’’
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা