শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ইডেনে ছন্নছাড়া বাংলাদেশ ক্রিকেটের নৌকাডুবি
ইডেনে ছন্নছাড়া বাংলাদেশ ক্রিকেটের নৌকাডুবি

ইডেনে ছন্নছাড়া বাংলাদেশ ক্রিকেটের নৌকাডুবি

সালেক সুফী,সিনিয়র ক্রীড়া বিশ্লেষক ও আন্তর্জাতিক জ্বালানী পরামর্শক

পাশের জানালার প্রতিবেশী পশ্চিম বাংলার কলকাতার ইডেন উদ্যানে কাল হাজার কয়েক বাংলাদেশ ক্রিকেট অনুরাগী আর বিশ্বজোড়া কোটি কোটি বাংলাদেশ ক্রিকেট প্রেমিকদের স্বপ্ন ভেঙে চুরমার হলো. বিনা যুদ্ধে পাকিস্তানের কাছে ক্রিকেট সম্ভ্রম বিসর্জন দিল হেড কোচ হাতুরুসিং আক্রান্ত ছন্নছাড়া বাংলাদেশ। ৭ উইকেটের বিশাল ব্যাবধানে হার। ৭ ম্যাচ খেলে ৬ টিতেই বিশাল ব্যাবধানে হার. ২০২৫ চ্যাম্পিয়নশিপ ট্রফি খেলা এখন আওতার বাইরে। শেষ দুটি ম্যাচে শ্রীলংকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রুগ্ন ,দুর্বল দল ঘুরে দাঁড়ানোর কোন সম্ভাবনা দেখি না. অনেক মূল্য দিয়েই নাজমুল হাসান নেতৃত্বের বিসিবি উপলব্ধি করেছে হয়তো বিশ্বকাপ শিশুতোষ টুর্নামেন্ট নয়. কাল টস জয় করে ব্যাটিং করে বাংলাদেশ করেছিল ৪৫.১ ওভারে ২০৪ রান. সেই রান মাত্র ৩২.৩ ওভারেই হেসে খেলে ২০৫/৩ করে পেরিয়ে যায় পাকিস্তান। পরাজয় ৭ উইকেটে। ১০ জাতির টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান এখন ৯ম। সম্ভাবনা আছে সবার নিচে থেকে শেষ করার। লজ্জা পেতেও লজ্জা লাগছে।

পাকিস্তানের দুর্দান্ত বোলিং দক্ষতার ( দ্রুত , সাধারণ সুইং এবং রিভার্স সুইং ) মোকবেলার সীমিত দক্ষতা থাকায় বাংলাদেশ ২০৪ করেছে। শাহীন শাহ আফ্রিদী ,মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং হারিস রউফ ১৪০+ কিলোমিটার গতিতে বল করে। আজ তিনজনই সঠিক চ্যানেলে বোলিং করেছে। এই মানের বোলিং সামাল দেয়ার দক্ষতা আর অভিজ্ঞতা নেই তানজিদ তামিম, তাওহীদ হৃদয় বা নাজমুল শান্তদের। আজ ব্যাটিং অর্ডার ঠিক ছিল. মাহমুদুল্লাহ রিয়াদ ( ৫৬) এহেন পরিস্থিতিতে সাবলীল ব্যাটিং করে প্রমান করেছে বিশ্বকাপে কেন রিয়াদ বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। আজ কিন্তু লিটন ছন্দে ছিল. পাওয়ার প্লের দুর্যোগ কাটিয়ে রিয়াদ -লিটন জুটি বাংলাদেশকে স্বস্তির পর্যায়ে নিয়ে যাচ্ছিলো। চতুর্থ উইকেট জুটিতে ৭৩ রান যোগ হওয়ার পর ৪৩ রান করা লিটন হারিস রউফের বলে অকারণ ফ্লিক করে আউট হলে পতনের সূচনা হলো. আক্রমণে ফিরে আশা শাহীন ম্যাচের সেরা বলে রিয়াদের উইকেট তুলে নিলে পাকিস্তান ইনিংস গতি হারায়। শাকিব উইকেটে ছিল বিবর্ণ। স্টোকস খেলা দূরের কথা সিঙ্গেলস নিতেও কষ্ট হচ্ছিলো.৬৪ বলে ৪৩ রান করা শাকিব হারিস রউফের শর্ট বলে উইকেট হারায়। শেষ দিকে রিভার্স সুইং শুরু হলে মোহাম্মদ ওয়াসিম দ্রুত পাকিস্তানের ইনিংস সাঙ্গ করে।
জবাবে বাংলাদেশের সাদা মাটা বোলিং খেলতে আদৌ বেগ পেতে হয় নি পাকিস্তানের। শুরুতেই তরুণ আব্দুল্লাহ শফিক এবং কাল বিশ্রাম শেষে দলে ফেরা ফখর জামান প্রথম উইকেট জুটিতে ২১.১ ওভারে ১২৮ রান করে বিজয়ের মঞ্চ গড়ে তুলে। ফখর ৭৪ বলে ৮১ রানের ইনিংসে ছিল আপন ছন্দে। ওর ইনিংসে ৩টি চারের সঙ্গে ছিল ৭ টি প্রচন্ড ছক্কার মার। অপরদিকে আব্দুল্লাহ শফিকের ৬৯ বলে ৬৮ রানের ইনিংসটি ছিল সাজানো গোছানো। বাংলাদেশের একমাত্র সাফল্য ছিল মেহেদী হাসান মিরাজের দুই ওপেনার সহ বাবর আযমের উইকেট তুলে নেয়া। সামান্য পুঁজি নিয়ে ব্যাটিং বান্ধব উইকেটে বেশি কিছু করার ছিল না. ২০৫/৩ উইকেটে করে ৭ উইকেটে জয় পেলো পাকিস্তান। চেয়ে চেয়ে দেখলো মাঠে উপস্থিত হায়েক হাজার বাংলাদেশী ভক্ত অনুরাগী ,নানা মিডিয়ায় সংযুক্ত কোটি দর্শক। বলার কিছুই আর নেই পতিত বাংলাদেশ ক্রিকেট নিয়ে।
উইকেট কিছুটা ধীর গতির হলেও যথেষ্ট ব্যাটিং বান্ধব। স্বীকার করতে দ্বিধা নেই পাকিস্তানের মানসম্পন্ন পেস ত্রয়ীর মোকাবিলায় বাংলাদেশের বর্তমান দলের সামর্থ নেই ২০৪ রানের বেশি করার।
হেরে গেলো বাংলাদেশ বিশাল ব্যাবধানে। হারের কারণে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা তিরোহিত। পরবর্তী বিশ্বকাপ খেলতে হয়তো কোয়ালিফাইং রাউন্ড খেলতে হবে. সোনালী প্রজন্মের সাকিব ,তামিম ,মুশফিক ,মাহমুদুল্লাহ থাকবে না. বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ ঘিরে গভীর অনিশ্চয়তা সৃষ্টি হয়ে গেলো।
বিশ্বকাপ বড়ো ছেলেদের খেলা। এখানে স্বল্প অভিজ্ঞ তরুণদের জন্য নয়। অভিজ্ঞতার মূল্য কত মাহমুদুল্লাহ রিয়াদ আজো প্রমান করেছে। তামিম ইকবালকে আজও দারুন মিস করেছে বাংলাদেশ।
বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট অঙ্গন কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ ক্রিকেটের নৌকা ডুবি হলো.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।