
নতুন সূর্য ডেস্ক:
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ছুরিকাঘাতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামকে (৪০) হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে বাঁচতে গিয়ে শাহীন তারেক নামের এক যুবক জখম হয়েছেন। তারেককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।
আহত শাহিন তারেক বলেন, তারা ওই চায়ের দোকানে নিয়মিত ওঠাবসা করেন। শনিবার রাতে সেখানে পূর্ব পরিকল্পিতভাবে হামলা করে স্থানীয় একটি দুর্বৃত্ত চক্র। হামলায় অংশ নেয়া ব্যক্তিদের নাম উল্লেখ না করে তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই এই হামলা চালানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় যুবদল নেতা মতিয়ারের নেতৃত্বে কামাল, টগর, মিলন, রেজাউলসহ ১০-১২ জন হামলায় অংশ নেয়।
তবে যুবদলের মনিরামপুর উপজেলা সদস্য সচিব সাইদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনা শুনেছি। কারা জড়িত সে ব্যাপারে আমাদের কাছে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। যুবদলের কারো এ ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রশ্নই ওঠে না।
পুলিশ জানিয়েছে, আতাউরের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আশরাফুল। এ সময় কিছু লোক তাকে ঘিরে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করে। বুকে ছুরিকাঘাত করার কারণে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়ে মারা যান। এরপর দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়। খবর পেয়ে থানা ও সার্কেল পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে কি কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। স্থানীয়রাও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না।