
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান হিসাবে তিন বছরের জন্য নিয়োগ পেলেন প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি ১৯৭৫ সালে সাতক্ষীরা জেলা সদরের ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙা গ্রামে জন্ম গ্রহণ করেন।
প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদুল ইসলাম সিডনির ম্যাককুরি বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে আন্তর্জাতিক মেধাস্বত্ব আইনে পিএইচডি ডিগ্রি লাভ করেন। লন্ডনের ইউইএল থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইনে এলএলএম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্মান (চার বছর) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি হেগ একাডেমী অব ইন্টারন্যাশনাল ল, হেগ, নেদারল্যান্ডসে অনুষ্ঠিত আন্তর্জাতিক আইনের ওপর জাতিসংঘ/ইউনিটার ফেলোশিপে অংশগ্রহণ করেন এবং জেনেভা, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত মেধাস্বত্ব আইনের শিক্ষকদের জন্য আয়োজিত ডব্লিউআইপিও-ডব্লিউটিও সেমিনারে অংশ নেন।
জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নাল, বই ও প্রতিবেদনের জন্য গঠিত কয়েকটি রিভিউ প্যানেলেও তিনি দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন, যার মধ্যে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সিআইইএল সম্মেলন ২০১৮ এবং নিউজিল্যান্ডের ওয়েলিংটনে অনুষ্ঠিত এট্রিপ কংগ্রেস ২০১৭ বিশেষভাবে উল্লেখযোগ্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষকতা ছাড়াও, তিনি জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট , ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এবং ফরেন সার্ভিস একাডেমিতে মাঝে মাঝে বক্তৃতা দেন।
তাঁর বিশেষায়ণের ক্ষেত্র হলো সম্পত্তি আইন, কোম্পানি আইন এবং মানবাধিকার। তিনি আন্তর্জাতিক মেধাস্বত্ব আইন, ভূমি আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন নিয়ে ব্যাপক লেখালেখি করেন।
দেশে-বিদেশে বিভিন্ন খ্যাতনামা পত্রিকায় তাঁর শতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর গবেষণালব্ধ প্রবন্ধ অক্সফোর্ড জার্নাল অব ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ল অ্যান্ড প্র্যাকটিস, [এডওয়ার্ড এলগার] কুইন মেরি জার্নাল অব ইন্টেলেকচুয়াল প্রোপার্টি, সুইট অ্যান্ড ম্যাক্সওয়েল জার্নাল অব ইন্টারন্যাশনাল ট্রেড ল অ্যান্ড রেগুলেশন, নর্ডিক জার্নাল অব কমার্শিয়াল ল, মেডিটেরানিয়ান জার্নাল অব হিউম্যান রাইটস, শ্রীলঙ্কা জার্নাল অব ইন্টারন্যাশনাল ল, ম্যাককুরি জার্নাল অব বিজনেস ল, এবং ম্যানচেস্টার জার্নাল অব ইন্টারন্যাশনাল ইকোনমিক ল সহ বেশ কিছু স্বনামধন্য রেফারিড (পর্যালোচিত) হয়েছে। তাঁর কিছু (পর্যালোচিত) বইয়ের অধ্যায়ও থমসন রয়টার্স, স্প্রিংগার্স নেচার, ব্রিল এবং ব্লুমসবারির মতো প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত সম্পাদিত বইয়ে স্থান পেয়েছে।
এছাড়াও ড. তৌহিদ বেশ কয়েকটি বই লিখেছেন যার মধ্যে ‘মেধাস্বত্ব আইন: টেক্সট, কেস অ্যান্ড মেটেরিয়ালস (সিএইচআরএলআর, ঢাকা, আগস্ট ২০২৫), ‘ভূমি আইন’ (সিএইচআরএলআর, ঢাকা, ২০২৫), ‘কোম্পানি আইন: টেক্সট, কেস অ্যান্ড মেটেরিয়ালস’ (সিএইচআরএলআর, ঢাকা, সেপ্টেম্বর ২০২৫), ‘ল্যান্ড ল: টেক্সট, কেস অ্যান্ড মেটেরিয়ালস’ (৩য় সংস্করণ, সিএইচআরএলআর, ঢাকা, ২০২৪) এবং ‘ডব্লিউটিও-র ট্রিপস চুক্তি:: বাংলাদেশের জন্য এর প্রভাব ও চ্যালেঞ্জসমূহ’ (ক্যামব্রিজ স্কলার্স পাবলিশিং, যুক্তরাজ্য, ২০১৩) প্রধান। প্রেসবিজ্ঞপ্তি