
নতুন সূর্য ডেস্ক:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) জিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে জিএমপির পুলিশ লাইনসে (লাইন ওআর) সংযুক্ত করা হয়েছে।
স্থানীয়রা জানায়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার অধিকার থাকা উচিত কিনা’ এমন মন্তব্য করার জেরে তাকে থানা থেকে সরানো হয়েছে।
জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জামায়াতের আমির শফিকুর রহমানের উদ্ধৃতি নিয়ে একটি সংবাদমাধ্যম ফটোকার্ড করে। সেই ফটোকার্ডে ওসি শেখ আমিরুল ইসলাম ‘আগে গণভোট দরকার যে স্বাধীনতাবিরোধীদের এ দেশে রাজনীতি করার অধিকার আছে কি না?’ বলে মন্তব্য করেন।
এ ঘটনার জেরে গত ২০ অক্টোবর জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর মজলিসের শূরার সদস্য অধ্যাপক ডা. আমজাদ হোসেন এবং পূবাইল থানা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ শামীম হোসেন মৃধা ওসি আমিরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ওসি আমিরুল ইসলাম পুবাইল থানায় যোগ দেওয়ার পর থেকেই একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নেওয়া এবং জামায়াত ইসলামী ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছেন। এছাড়া তিনি ওই রাজনৈতিক দলের নেতাদের পুলিশ প্রটোকল দিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি জামায়াতের আমিরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্তব্য করেন। একজন সরকারি কর্মকর্তা হয়ে ওসি শেখ আমিরুল ইসলাম রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করছেন, যা প্রশাসনিক নিরপেক্ষতা নষ্ট করেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।
এ বিষয়ে ওসি আমিরুল ইসলাম বলেন, ‘অভিযোগ ওঠার আগেই ব্যবস্থা হয়ে গেছে। তাই এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’