বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
জামায়াতে ইসলামীর নতুন আমিরের নাম ঘোষণা
জামায়াতে ইসলামীর নতুন আমিরের নাম ঘোষণা

জামায়াতে ইসলামীর নতুন আমিরের নাম ঘোষণা

ফের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। টানা তৃতীয় মেয়াদে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তাকে আমির ঘোষণা করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) দলটি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের (সদস্য) রুকনদের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করে।

১ নভেম্বর (শনিবার) রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের ‘আমির’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমির’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

গঠনতন্ত্র অনুযায়ী, জামায়াতে ইসলামীর জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি গোপন ভোটে তিন বছরের জন্য আমির নির্বাচন করা হয়। নির্বাচিত হওয়ার পর আমির জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার নির্বাচিত সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণ করেন।

ডা. শফিকুর রহমানের জন্ম ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের একটি পরিবারে। তার বাবার নাম মরহুম মোহাম্মদ আবরু মিয়া এবং মাতার নাম মরহুমা খাতিরুন নেছা। তার বর্তমান ঠিকানা সিলেট মহানগরীর শাহপরান থানার সবুজবাগ এলাকায়।

শফিকুর রহমান ১৯৭৪ সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবং ১৯৭৬ সালে সিলেট এম সি কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ (বর্তমান এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন।

শফিকুর রহমান জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৭৩ সালে জাসদ ছাত্রলীগে যোগদান করেন। ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগদান করেন। পরে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দয়িত্ব পালন করেন।

১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে যোগ দেন। এরপর সিলেট শহর, জেলা ও মহানগরী আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন শফিকুর রহমান। ২০১৯ সালের ১২ নভেম্বর তিনি প্রথমবার জামায়াতের আমির নির্বাচিত হন। ২০২২ সালের ৩১ অক্টোবর দ্বিতীয়বারের মতো দলটির আমির হন তিনি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।