তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিশেষ নির্বাচনী টহল জোরদার করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকা মৌতলা বাজার ও এর পার্শ্ববর্তী এলাকায় এ টহল কার্যক্রম পরিচালিত হয়। টহলে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান। এ সময় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ জুয়েল হোসেন এবং বিজিবির সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন।নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে টহল চলাকালে বাজার এলাকা ও জনসমাগম স্থল গুলো পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি ভোটারদের মধ্যে আস্থা তৈরি এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন পর্যন্ত এ ধরনের যৌথ টহল অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে যাতে ভোটাররা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
